দিনাজপুরের ফুলবাড়ীতে আবারো খুলনা থেকে ছেড়ে আসা রূপসা ট্রেনটি লাইনচ্যুত হয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ট্রেন লাইনচ্যুত হওয়ায় রংপুর ও দিনাজপুরের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে ফুলবাড়ী রেল ষ্টেশনের রেলঘুন্টি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সংবাদকর্মী জানান, সকালের দুর্ঘটনার পর ক্ষতিগ্রস্ত রেল লাইন সঠিকভাবে মেরামত না হওয়ায় একই স্থানে আবারো রূপসা ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটেছে।
ফুলবাড়ী রেল স্টেশন মাস্টার ইসরাফিল সরকার জানান, সকালে একটা মালবাহী ট্রেনের সঙ্গে ট্রাকের দুর্ঘটনা ঘটার কয়েক ঘণ্টা পরই আবারো এই রূপসা ট্রেনের লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। তবে কেউ হতাহত হয়নি। কিন্তু দিনাজপুর ও রংপুরের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে এবং রংপুরের সাথে একটি সড়ক পথেরও যোগাযোগ বন্ধ রয়েছে। পার্বতীপুর থেকে উদ্ধারকারী লোকমোটিভ ট্রেন আসতেছে। কয়েক ঘণ্টার মধ্যেই হয়ত এই লাইনচ্যুত রূপসা ট্রেনটি উদ্ধার করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।